সিরাজগঞ্জে চার নারী 'জঙ্গি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের একটি বাড়ি থেকে চার নারীকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাত সাড়ে তিনটায় শহরের মাসুমপুর উত্তরপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নীলফামারী ও নওগাঁয় আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। চার নারীসহ এই সাতজনই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃত চার নারী হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাহপুর গ্রামের নাদিরা তাবাসসুম (৩০), বগুড়ার শাজাহানপুর উপজেলার ক্ষুদ্রফুলকোট গ্রামের হাবিবা আক্তার (১৮), একই উপজেলার পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার (২১) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ দক্ষিণপাড়া গ্রামের রুনা বেগম (১৯)।
নাদিরার স্বামী মাহবুবুর রহমান, হাবিবার স্বামী খালিদ হাসান, রুমানার স্বামী সুজন আহমেদ এবং রুনার স্বামী মামরুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁরাও জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের সময় চারজনের সঙ্গে থাকা শিশুসন্তানদেরও থানায় আনা হয়। গতকাল বিকেলে শিশুসন্তানসহ তাঁদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, মাসুমপুর উত্তরপাড়া মহল্লার মো. হুকুম আলীর বাসায় জেএমবি সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ককটেল, বিভিন্ন বিস্ফোরক দ্রব্য এবং উগ্রপন্থায় অনুপ্রাণিত করে এমন বই উদ্ধার করা হয়। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে।
জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীরা জেএমবির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁদের স্বামীরাও জেএমবির সদস্য বলে জানিয়েছেন। তাঁরা গত মে মাস থেকে ওই বাসা ভাড়া নিয়ে উগ্রবাদী কর্মকাণ্ড চালাচ্ছিলেন। হাবিবা ও নাদিরা ওই ভাড়া বাসায় সব সময় থাকতেন। অন্য দুই নারী এবং আরও কয়েকজন পুরুষ জেএমবি সদস্য মাঝেমধ্যে সেখানে আসতেন।
স্থানীয় লোকজন বলেন, ওই নারীরা কারও সঙ্গে যোগাযোগ করতেন না। সেখানে প্রায়ই বিভিন্ন ধরনের লোকজন যাতায়াত করত।
খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের সলঙ্গার বাদুল্লাহপুর গ্রামের নাদিরা তাবাসসুমের সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাহবুবুর রহমানের বিয়ে হয় ১০ বছর আগে। স্বামী ঢাকায় একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন বলে পরিবারের লোকজনকে জানান নাদিরা। তাঁর বড় ভাই উপজেলার বেগম নূরুন নাহার তর্কবাগীশ কলেজের শিক্ষক নজরুল ইসলাম বলেন, বাবার মৃত্যুর পরে বোনের সঙ্গে যোগাযোগ কমে যায়। ছয় মাস ধরে তাঁদের সঙ্গে নাদিরার কোনো যোগাযোগ নেই। কোথায় থাকতেন তা-ও জানাননি।
গাইবান্ধা প্রতিনিধি জানান, রুনা বেগমের সঙ্গে মামুরুলের বিয়ে হয় তিন বছর আগে। তাঁদের দেড় বছরের একটি শিশুসন্তান আছে। রুনার মা হামিদা বেগম প্রথম আলোকে বলেন, সাত থেকে আট মাস আগে কাজ করার কথা বলে তাঁর মেয়ে ও নাতনিকে নিয়ে ঢাকায় চলে যান মামরুল। দুই মাস আগে রুনা মেয়েকে নিয়ে বাড়িতে বেড়াতে এসেছিলেন। কয়েক দিন থেকে আবার ঢাকায় চলে যান। এরপর থেকে আর যোগাযোগ নেই। গতকাল প্রশাসনের লোকজন এসে রুনাকে গ্রেপ্তারের কথা জানান।
স্থানীয় লোকজন বলেন, রুনা ও তাঁর স্বামী দুজনের পরিবারই গরিব। এলাকায় থাকতে জঙ্গি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি কারও চোখে পড়েনি।
বগুড়া প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে গ্রেপ্তার হওয়া হাবিবা ও রোমানা দুজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার আজিরন-রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার ছাত্রী ছিলেন। তাঁদের সঙ্গে প্রায় ছয় মাস ধরে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রোমানার মা শাহনাজ বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাড়িতে টুকটাক সেলাই করত রোমানা। ২০১৩ সালের শেষ দিকে শেরপুর উপজেলায় একটি দোকানের কর্মচারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ছেলের নাম খালিদ। পরে ২০১৩ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। স্বামীর সঙ্গে শেরপুরেই থাকত রোমানা। মাঝেমধ্যে বাড়ি আসত। তবে ছয় মাস ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাঁর স্বামী নিজেকে এতিম পরিচয় দিয়েছিল। ফলে তাঁর স্বজনদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমাদের। আজ (রোববার) সাংবাদিক ও পুলিশের কাছ থেকে রোমানার গ্রেপ্তারের খবর পেয়েছি।’
প্রতিবেশী আবদুল্লাহ বলেন, বিয়ের পর হঠাৎ বদলে যান রোমানা। আগে পর্দা না করলেও বিয়ের পর সব সময় মুখ ঢেকে রাখতেন।
গ্রেপ্তার হওয়া অপর নারী হাবিবার বোন শাহানাজ পারভীন বলেন, তাঁদের ভাই মতিউর রহমান বগুড়ার আজিজুল হক কলেজে পড়তেন। তাঁর পছন্দের এক ছেলের সঙ্গে বিয়ে হয় হাবিবার। মতিউর এক বছরের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না। গত ছয় মাস থেকে হাবিবা ও তাঁর স্বামীর সঙ্গেও পরিবারের কোনো যোগাযোগ নেই।
গ্রেপ্তার আরও ৩: সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারী ডিবির সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়াগড় গ্রাম থেকে একরামুল হক ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খুঁটামারা গ্রাম থেকে নুর মো. আরেফিনকে গ্রেপ্তার করেছে। তাঁরা জেএমবি সদস্য এবং নীলফামারীতে কয়েকটি জঙ্গি হামলাচেষ্টায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল নীলফামারীর প্রধান বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী ডিবির ওসি বাবুল আক্তার বলেন, গত ২৩ অক্টোবর রাতে সৈয়দপুর উপজেলায় আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে বোমা হামলার চেষ্টা করেছিলেন জেএমবির সদস্যরা। গ্রেপ্তার দুজন সে অভিযানে অংশ নিয়েছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর ১২ উপজেলার হাতিখানায় মসজিদের খাদেম হাসনাইন মাস্টারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, শনিবার রাতে নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার থেকে জেএমবির সদস্য জুলফিকার রহমান ওরফে দিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্রাই থানার ওসি বদরুদোজ্জা বলেন, জুলফিকার ২০০৪ সালে বাংলা ভাইয়ের সঙ্গে হত্যা, নির্যাতন ও লুটপাটে অংশ নেন। তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় দুটি মামলা রয়েছে।