সিরাজগঞ্জে চুরি যাওয়া দুই নবজাতক উদ্ধার, আটক ৬
সিরাজগঞ্জে হাসপাতাল থেকে চুরি যাওয়া দুই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর এলাকার সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক দুটি চুরি যায়। এক নবজাতককে জীবিত, অপরটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাত ১০টার দিকে আলোকদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে নবজাতক দুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কল্পনা খাতুন (২৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি আলোকদিয়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। এ ছাড়া আরও পাঁচ নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতককে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। চুরি যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মানুষকে বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে রাত সাড়ে ১০টার দিকে আলোকদিয়া গ্রামের সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। ছয় নারীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলার পুলিশ সুপার হাসিবুল আলম আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, এই ঘটনার তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এ কারণে অপরাধীদের বিষয়ে এখনই বিস্তারিত নাম-পরিচয় বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত ব্যক্তিদের নামে মামলা হবে। সেই সঙ্গে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু বিভাগ থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। নবজাতকটি জেলার উল্লাপাড়া ভাদালিয়াকান্দি গ্রামের চয়ন ইসলাম ও মঞ্জুয়ারা খাতুন দম্পতির। নবজাতকটিকে চিকিৎসার জন্য হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছিল। ওই দিন দুপুরে হাসপাতালের শিশু বিভাগে অপরিচিত এক নারীর কাছে নবজাতকটিকে রেখে তার মা কাপড় শুকাতে হাসপাতালের ছাদে গেলে ওই নারী নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান। নবজাতকটি নিওনেটাল সেপসিস রোগে ভুগছিল। এই নবজাতককে পুলিশ মৃত অবস্থায় উদ্ধার করে।
অন্যদিকে প্রসববেদনা দেখা দিলে তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের সবিতা খাতুন গত শুক্রবার বিকেলে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। গতকাল শনিবার সকাল নয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। এরপর শিশুর মাকে পাশের (পোস্ট অপারেটিভ) কক্ষে রেখে সুস্থ শিশুটিকে তার নানির কোলে দেওয়া হয়। নানি শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালটির একটি কক্ষে বসে ছিলেন। এ সময় এক নারী এসে শিশুটিকে কোলে তুলে নেন এবং আদর করে তাঁর বুকের দুধ খাওয়াতে থাকেন। একপর্যায়ে বেলা তিনটার দিকে শিশুটির নানিকে তাঁর মেয়ে কেমন আছে, সেটি দেখে আসার কথা বলেন ওই নারী। নবজাতককে ওই নারীর কোলে রেখে তিনি পাশের কক্ষে যেতেই তিনি পালিয়ে যান। এই নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।