সিরাজগঞ্জে টিসিবির পণ্য কেনার কার্ড তৈরিতে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিসিবির পণ্য নিতে মানুষের ভিড়।

সিরাজগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের ক্রেতাদের পরিচিতি কার্ড তৈরি করতে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. মিরা বেগম জনপ্রতি ২০০ টাকা করে আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকজন নারী।

মঙ্গলবার সকাল থেকে ভুক্তোভোগী নারীদের অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে ওই নারীরা তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরতসহ কাউন্সিলর মিরা বেগমের শাস্তির দাবি জানিয়েছেন।

পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এ লক্ষ্যে সিরাজগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ২ হাজার ১০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। আর এ তালিকা তৈরির দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিরা বেগম প্রত্যেক ব্যক্তির কাছ থেকে কার্ড তৈরিতে ২০০ করে টাকা নিয়েছেন।

১২ নম্বর ওয়ার্ডের হাওয়া বেগম ও জোস্না বেগম প্রথম আলোকে বলেন, মিরা বেগম কার্ড বাবদ তাঁদের কাছ থেকে ২০০ করে টাকা নিয়েছেন। পরে জানতে পারেন, সরকার এ কার্ড বিনা মূল্যে দিয়েছেন। এমন সবার কাছ থেকেই টাকা নিয়েছেন তিনি।
তবে কাউন্সিলর মোছা. মিরা বেগম প্রথম আলোকে বলেন, ‘একটি মহল এমন অপপ্রচার করছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নারীদের দিয়ে এমন ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার মানসম্মান ক্ষুণ্ন করার জন্য এমন কথা বলানো হচ্ছে।’

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ বলেন, টিসিবির পণ্যের ক্রেতাদের তালিকা তৈরির জন্য নিম্ন আয়ের পরিবারের কাছে থেকে টাকা নেওয়া চরম অন্যায়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাশুকাতে রাব্বি বলেন, টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।