সিরাজগঞ্জে ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মহাসড়কের ওপর বিকল হয়ে পড়া অপর একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহকারীর নাম শাহবুর রহমান (২২)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। ট্রাকচালক ও সহকারী সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় রাজশাহী থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের সহকারী শাহবুর রহমান নিহত হন। আহত হয়েছেন বিকল ট্রাকের চালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত শাহবুরের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটি পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।