সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের ছোনগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর খলিফাপট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৪)। তাঁরা পরস্পর বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেলে করে দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তাঁরা সিরাজগঞ্জ সদরের ছোনগাছা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। সে সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।