সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত
সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (৩৫)। তিনি জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের ইউসুফ আলীর ছেলে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত জলিল ঝাঐল গ্রাম থেকে মোটরসাইকেলে করে স্থানীয় কড্ডার মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পেছন থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক হঠাৎ তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দাক হোসেন দুপুরে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।