সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশু দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু দুই ভাইকে চাপা দিয়ে খালে পড়ে যায় ট্রাকটি। আজ দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চালা সাত রাস্তার মোড় এলাকায়।
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের বেলকুচিতে বালুভর্তি ট্রাকের চাপায় শিশু দুই ভাই নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর শহরের চালা সাত রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো মো. রাব্বি (১৩) ও মো. সাব্বির (১০)। তারা পৌর এলাকার চালা বানিয়া পাড়া মহল্লার আবদুস সামাদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঘটনাস্থলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল রাব্বি ও সাব্বির। এ সময় বালুভর্তি ট্রাক তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু দুটি। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা দুপুরে প্রথম আলোকে বলেন, লাশ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পলাতক। তাঁদের আটকের চেষ্টা চলছে।