সিরাজগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ হারালেন চিকিৎসক
সিরাজগঞ্জে ড্রাম ট্রাকের টাপায় আরাফাত পাঠান (২৫) নামের এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ইন্টার্ন করছিলেন।
আরাফাত পাঠানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার হাসপাতাল সড়কে। তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্ন করছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী প্রথম আলোকে বলেন, আরাফাত একটি মোটরসাইকেলে শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। মহাসড়কের সয়দাবাদ এলাকায় পৌঁছালে সেখানে চার লেনের নির্মাণকাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আরাফাত নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যান। আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে পড়ালেখা শেষ করার পর আরাফাত পাঠান সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্ন করছিলেন।