সিরাজগঞ্জে তিনজনের অস্বাভাবিক মৃত্যু, দুজন হাসপাতালে
সিরাজগঞ্জ সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের দুটি গ্রামে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ইউনিয়নের রঘুনাথপুর ও আজ সোমবার সকালে সরাইচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানা-পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজনের কাছে মদ্যপানে মৃত্যুর খবর পেয়ে আজ পুলিশ ঘটনাস্থলে যায়। সকালে গিয়ে জানতে পারে রঘুনাথপুর গ্রামে মৃত দুজনকে দাফন করা হয়েছে। একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন রঘুনাথপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবদুল ওয়াহাব (৩০) ও সিকিম আলীর ছেলে আবদুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের আবু তাহের (৫০)। অসুস্থ দুজন হলেন রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য বাবু (৫৮) ও শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫)।
এ সম্পর্কে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান শেখ বলেন, রোববার রাতে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে একজনের মৃত্যু হয়। তিনটি মৃত্যুই অস্বাভাবিক। মৃত ব্যক্তিরা মাঝেমধ্যে মদ পান করতেন। তবে মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে কি না, সেটা জানা যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অসুস্থ দুজন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় লোকজন জানিয়েছেন, হতাহত ব্যক্তিরা প্রায়ই দল বেঁধে মদ পান করতেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।