সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বড় পাঙ্গাসী ইউনিয়নের চক পাঙ্গাসী গ্রামে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের বিবদমান জমিতে একটি সেচযন্ত্র নিয়ে হাসানুর রহমান ও জহুরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল সকালে জহুরুল ইসলামের লোকজন সেচপাম্পের আওতায় থাকা পানির নালা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিপক্ষ হাসানুরের লোকজন তাঁদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।
এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এ সময় আবদুল লতিফ, আফাজ আলী, জালিম উদ্দিন, মজনু মিয়ার বাড়িসহ সাতটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
খবর পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে জহুরুল ইসলাম ও হাসানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষ আহত রোগীদের নিয়ে ব্যস্ত থাকায় এখন পর্যন্ত থানায় মামলা করতে আসেনি।