সিরাজগঞ্জে দুই বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১০
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের চালক, সহকারীসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্যরা বাসের যাত্রী বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, গতকাল বেলা তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী একটি ঢেউটিনবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৯৪৫৩) ডান চাকা ফেটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা গাইবান্ধা থেকে ঢাকাগামী অন্তর পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে (ঢাকা মেট্রো ব-১১-১৮৩০) মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস ও ট্রাকের ডান অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে গাইবান্ধা থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ট-১৪-৪১৮৬) অন্তর পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনার পর অন্তর পরিবহনের বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ট্রাকটি সড়কের ওপর পড়ে থাকে। ট্রাকের চালক ও সহকারী ট্রাকের মধ্যেই মারা যান। আহত হন অর্ধশতাধিক যাত্রী। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চারজন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনসহ ১০ জন মারা যান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিদের মধ্যে ৪৪ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন হাফিজুল (৪০), হাবিবুল্লা (৮), কাউছার (২০), ময়নাল হক (৩০), সাইফুল ইসলাম (২৫), আসাদুল (২২), আমির চাঁদ (২৮), শাহ আলম (৩০), রুহুল আমিন (৩০), সাইফুর রহমান (৩০), সবুজ (৩০), পান্না (২৫), মোবারক, (৩০) আবদুল্লাহ এবং শরিফুল ইসলাম। তাঁরা সবাই গাইবান্ধা জেলার সাঘাটার বাসিন্দা। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাঘাটা উপজেলার ফারুখ হোসেন জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা অন্তর পরিবহনে অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে চালক বাসটির নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনা ঘটেছে। অপর চিকিৎসাধীন যাত্রী আবু সাঈদ বলেন, ‘তাদের বাসটি দুর্ঘটনা এলাকায় আসার পর বিকট শব্দ হয়। এরপর আর কিছু বলতে পারব না।’
সিভিল সার্জন মোহাম্মাদ শামসুদ্দিন জানান, একসঙ্গে বিপুলসংখ্যক গুরুতর আহত রোগী আসায় তাঁদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। ওয়ার্ডে স্থানসংকুলান না হওয়ায় তাঁদের বারান্দায় এবং খোলা মাঠে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহাসড়কের ওপর দুর্ঘটনাকবলিত ট্রাকটি পড়ে থাকার কারণে প্রায় এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।