সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় মামলা
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ২৩ দিন বয়সের নবজাতক চুরির ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় মানব পাচার মামলা করেন। তবে শিশুটিকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, শিশুটির বাবা চয়ন ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। শিশুটির মা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে তাঁরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ এখনো শিশুটিকে উদ্ধার করতে পারেনি। তবে অভিযান অব্যাহত আছে।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে হাসপাতালটির শিশু বিভাগ থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। শিশুটি জেলার উল্লাপাড়া ভাদালিয়াকান্দি গ্রামের চয়ন ইসলাম ও মঞ্জুয়ারা খাতুন দম্পতির সন্তান। নবজাতকটিকে চিকিৎসার জন্য হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছিল। ওই দিন দুপুরে হাসপাতালের শিশু বিভাগে কোনো এক নারীর কাছে নবজাতকটিকে রেখে তার মা কাপড় শুকাতে হাসপাতালের ছাদে গেলে ওই নারী নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান। নবজাতকটি নিওনেটাল সেপসিস রোগে ভুগছিল।