সিরাজগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার ইচলাদিগর এলাকার একটি ইটভাটার পাশের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ছয় দিন আগে নিখোঁজ স্কুলছাত্র রাশিদুল ইসলামের (১৪)। সে উপজেলার ধামাইনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মোশারফ হোসেন।
রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার হওয়া স্থানটি দুই থানার সীমান্তবর্তী এলাকা। এ ছাড়া ধামাইনগর গ্রামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি জিডি করেছিলেন তার বাবা। লাশের অবস্থা খুবই খারাপ হওয়ায় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
রাশিদুলের ভাই তারিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সকালে ভাত খেয়ে বড় ভাইয়ের ভ্যান নিয়ে সে বের হয়। রাতে বাড়িতে না ফিরলে পরের দিন (শুক্রবার) থানায় জিডি করা হয়েছিল।
সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।