সিরাজগঞ্জে নৌকার প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ
সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদর উপজেলার বহুলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম তালুকদার ও তাঁর কর্মী–সর্মথকদের বিরুদ্ধে জনসভায় হামলা, ভাঙচুর ও অন্য তিন স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ অন্য দুই স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে জেলা নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার রাতে বহুলী মাঠে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল বারীর নির্বাচনী জনসভা ছিল। ওই জনসভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আবদুল বারী অভিযোগ করে বলেন, গতকাল রাতে নৌকা প্রার্থী মঞ্জুরুল ইসলাম তালুকদারের লোকজন তাঁর জনসভায় হামলা চালিয়ে চেয়ার–টেবিল ভাঙচুর করেন। এ সময় হামলাকারীরা তাঁদের প্রচারণার মাইক খুলে নিয়ে যান। এদিকে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত নৌকার প্রার্থীর নেতৃত্বে বহুলী ইউনিয়নের প্রতিটি এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার ছিঁড়ে আগুন দিয়ে উল্লাস করা হয়েছে। বিনা উসকানিতে নৌকা প্রার্থীর লোকজন তাঁর নির্বাচনী কার্যালয়েও ভাঙচুর করেছেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে তাঁর সমর্থকদের হুমকি–ধমকি দিচ্ছেন।
আবদুল আরও বারী বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি শতভাগ বিজয়ী হবো। নির্বাচনে নৌকার নিশ্চিত পরাজয় ভেবে তাঁরা এসব তাণ্ডব চালাচ্ছেন। এ বিষয়ে আমরা তিন প্রার্থী জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এদিকে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন সরকার জানান, বহুলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর পোস্টার ছাড়া অন্য সব প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর কর্মী–সমর্থকেরা গত তিন দিনে পোস্টার ছেঁড়া থেকে শুরু করে তাঁর কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আজ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দাবি জানান তিনি।
এদিকে অভিযোগের ব্যাপারে জানতে মঞ্জুরুল ইসলাম তালুকদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গতকাল রাতে নির্বাচনী জনসভায় ভাঙচুর হয়েছে। এ–সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, তিন প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ এসেছে। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।