সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌকিদহ সেতুর কাছে আজ শুক্রবার অবরোধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ একজনসহ তিনজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন গুলিবিদ্ধ জাননুল ইসলাম (২৬), সোলায়মান হোসেন ও গোলাম কিবরিয়া।
স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, সোলায়মান হোসেন জেলা শিবিরের সভাপতি, জাননুল ইসলাম শিবিরের কর্মী ও গোলাম কিবরিয়া দপ্তর সম্পাদক। গুলিবিদ্ধ আরেক ব্যক্তি হলেন আবদুল বাতেন। জাননুলকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তিনটি ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, তিনটি বড় ছুরি, ব্যানার ও একটি মোটরসাইকেলসহ এক বস্তা ইট-পাথরের খোয়া উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে সাতটার দিকে অবরোধ সমর্থকেরা চৌকিদহ সেতুর কাছে টায়ার জ্বেলে যানবাহনে ইট-পাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। পরে পুলিশ শটগানের গুলি ছোড়ে। অবরোধ সমর্থকেরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জাননুল, সোলায়মান ও কিবরিয়াকে আটক করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদার ভাষ্য, বাইরে থেকে এসে অবরোধকারীরা যানবাহনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ ওই তিনজনকে আটক করে। আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।