সিরাজগঞ্জে পেশাজীবী সমিতির নিবন্ধন প্রাপ্তি উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার দুপুরে কেক কেটে সমিতির নিবন্ধন প্রাপ্তি উদ্‌যাপন করা হয়েছে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জে পেশাজীবী সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তি উদ্‌যাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরে নর্থ টাউন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে কেক কেটে ও মধ্যাহ্নভোজের মাধ্যমে এই উদ্‌যাপন করা হয়।

এর আগে জেলা সমবায় কর্মকর্তা সামিউল ইসলাম সরকারি নিবন্ধন সনদটি আনুষ্ঠানিকভাবে সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে হস্তান্তর করেন।

সম্প্রতি বিএল স্কুল মিলেনিয়াম ব্যাচ সমন্বিত পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড নামের সংগঠনটি জেলা সমবায় বিভাগের নিবন্ধনপ্রাপ্ত হয়। সমিতির নির্বাহী পর্ষদ সূত্রে জানা যায়, ২০১৬ সালে সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে এই সমবায় সমিতির অগ্রযাত্রা শুরু হয়। এর পর থেকে দেশের মানুষের উন্নয়নে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে চলেছে এই সমিতি। বর্তমানে সমিতির সাধারণ পরিষদ সদস্য আছেন ৩৭ জন। এদের মধ্যে কার্যনির্বাহী পর্ষদে আছেন ১৩ জন।

সমিতির সভাপতি নীহার রঞ্জন দাস বলেন, ‘আমরা দেশের উন্নয়নে নানামুখী কার্যক্রম সম্পাদন করতে চাই। বর্তমানে আমাদের সমিতি নিবন্ধনপ্রাপ্ত হওয়ায় সামাজিক কাজের গতি অনেক গুণ বেড়ে যাবে বলে আশা করছি।’