সিরাজগঞ্জে প্রশাসনের মধ্যস্থতায় যান চলাচল শুরু
সিরাজগঞ্জে দ্বিতীয় দিনে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকলেও অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় বুধবার বিকেলে চলাচল শুরু করেছে। সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে ডেকে বুধবার দুপুরে শহীদ শামসুদ্দিন সভাকক্ষে এক বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের সমস্যার কথা শুনে সেটি সমাধানের জন্য আশ্বস্ত করলে বিকেল থেকে আবার বাস ও অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়।
সভা শেষে শ্রমিকনেতারা জানান, ‘উদ্ভূত সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষ থেকে কিছু প্রস্তাবনা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। যার ভিত্তিতে বিষয়গুলো সমাধানে আগামী রোববার উভয় পক্ষকে নিয়ে আবার বসার দিন ধার্য করেছে প্রশাসন। সে পর্যন্ত কোনো ধরনের ঝামেলায় না জড়িয়ে বাস ও অটোরকিশা চালু করার পরামর্শ দিয়েছে প্রশাসন। এরপর আমরা সেটি মেনে নিয়ে উভয় পক্ষই সড়কে নেমেছি।’
অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, ‘আমরা উভয় পক্ষের নেতাদের নিয়ে বসেছিলাম। বিষয়টি সমাধানে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা আগামী রোববার উভয় পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধান করবেন।’
মঙ্গলবার সকালে শহরের মিরপুর কালাচান মোড় এলাকায় বেলকুচিগামী একটি যাত্রিবাহী বাসের শ্রমিকের সঙ্গে অটোরিকশার শ্রমিকের সড়কে পাশ কাটানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে বিচ্ছিন্ন সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কিছু বাস ও অটোরিকশা ভাঙচুর হয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন শ্রমিক। এরপর থেকে উভয় পক্ষ তাদের পরিবহনগুলো বন্ধ করে দেয়। বুধবার বিকেল অবধি শহরে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে বুধবার বিকেল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।