সিরাজগঞ্জে মহাসড়কে থেমে থেমে যানজট, ঈদের আগে বাড়তে পারে ভোগান্তি
কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে হাজার হাজার পরিবহনের চাপে থেমে থেমে যানজট দেখা গেছে। আজ বৃহস্পতিবার এই মড়াসড়কে ঢাকামুখী গাড়ির চাপ বেশি ছিল। ঈদযাত্রার সময় অতিরিক্ত যানবাহনের চাপে এই ভয়াবহতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়কের কড্ডার মোড়, হাটিকুমরুল গোলচত্বর, সয়দাবাদ গোলচত্বর ও নলকা সেতু এলাকায় অবস্থান করে দেখা যায়, থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। দুপুরে হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সে সময় মহাসড়কটিতে হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অপর দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটারজুড়েও ঢাকামুখী গাড়ির জট সৃষ্টি হয় বলে জানা গেছে। ঢাকামুখী সড়কের এই জটের প্রভাব পড়ে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সড়কেও।
সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক আবদুল কাদের বলেন, বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত এবং হাটিকুমরুল থেকে বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত সকাল থেকেই থেমে থেমে যানজট রয়েছে। অধিক যানবাহনের চাপের কারণে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের তীব্রতা কিছুটা বেড়ে যাচ্ছে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। মহাসড়কের কড্ডার মোড় এলাকায় একটি উড়ালসড়কের নির্মাণকাজ চলমান থাকায় সেখানে যানবাহনের গতি কমাতে হয়। এ ছাড়া পুরোনো ও জরাজীর্ণ নলকা সেতুর কিছুটা সংস্কার করা হলেও এখনো সেখানে ধীরগতিতে যানবাহন পারাপার করার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরাঞ্চলের যাত্রীদের। সেতুটির পাশেই আরেকটি সেতুর নির্মাণকাজ চলমান থাকায় এর স্থায়ীভাবে সংস্কার করা হচ্ছে না। এসব কারণে এই মহাসড়কে ঈদের সময় অতিরিক্ত যানবাহনের চাপে বাড়তে পারে যানজটের ভয়াবহতা।
ঢাকা থেকে নাটোরগামী ট্রাকচালক আবু হেলাল বলেন, ‘আমরা এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক নিয়ে অনেক চিন্তিত থাকি। কারণ, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কিছুটা যানজট থাকলেও ভালোভাবেই এসেছি। কিন্তু সেতু পার হওয়ার পর থেকেই থেমে থেমে যানজট লেগেই আছে। মহাসড়কটিতে উন্নয়নকাজ চলমান থাকায় এই যানজট দীর্ঘ হচ্ছে।’
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, রাজশাহী, পাবনা ও বগুড়া—তিনটি রুটের গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রবেশ করে। এ কারণে মহাসড়কটিতে সব সময়ই চাপ থাকে। যার ফলে এই ২২ কিলোমিটার মহসড়কে থেমে থেমে যানজট রয়েছে। নলকা সেতু ও হাটিকুমরুল গোলচত্বরের পূর্বপাশের ছোট সেতুটি মহাসড়কের তুলনায় বেশি সরু হওয়ায় গাড়ির গতি কমাতে হচ্ছে। এ ছাড়া মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের উন্নয়নকাজ চলমান থাকায় যানবাহনের ধীরগতির কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
চার লেনে উন্নীতকরণের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের প্রকৌশলী আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ঈদের সময় মহাসড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপের কথা চিন্তা করে চলমান উন্নয়নকাজে ক্ষতিগ্রস্ত সড়কগুলো বিটুমিন–পাথর মিশিয়ে সাময়িক সময়ের জন্য সচল করা হয়েছে। আশা করা যায়, চলমান উন্নয়নকাজের জন্য মহাসড়কে কোনো যানজট হবে না।