সিরাজগঞ্জে মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ধুলায় নাকাল ঘরমুখী মানুষ
ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপে সিরাজগঞ্জে যানজট দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে থেমে থেমে যানজট দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট তীব্র আকার ধারণ করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজট সৃষ্টি হয়। নলকা সেতু এলাকায় মহাসড়কে সংস্কারকাজ চলায় ধুলায় নাকাল হয়েছে ঘরমুখী মানুষ।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নলকা সেতু এলাকায় চার লেনের সংস্কারকাজ চলছে। ধীরগতিতে গাড়িগুলো সেতুটি পার হচ্ছে। নলকা সেতুর দুই প্রান্তে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে ঘুরমুখী যাত্রীরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, সড়ক বিভাগ নলকা সেতুটি সংস্কার করছে। ফলে এখানে খানাখন্দ রয়েই গেছে। সেতুটি সঠিকভাবে মেরামত না হলে দুর্ভোগ কিছুতেই কমবে না।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবলি আহম্মেদ (৪৮) সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই ঈদে বাড়ি যেতে পারেননি। এবার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছেন তিনি। নলকা সেতু এলাকায় শিবলি আহম্মেদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কের উন্নয়নকাজ চলমান থাকায় দীর্ঘ যানজট লেগেই আছে। সেতু পার হওয়ার পর এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন। অতিরিক্ত যানবাহনের চাপে ধুলা ওড়ায় যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, নলকা সেতুসহ মহাসড়কটির বেশ কয়েকটি স্থানে যানবাহনের ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এরপর এই যানজট আস্তে আস্তে দীর্ঘ হয়। ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের কারণে মহাসড়কে চলমান উন্নয়নকাজের বেশ কিছু স্থানে ধুলা উড়ে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করছে।
নলকা সেতুটি ঈদ উপলক্ষে একবার মেরামত করা হয়েছে বলে জানালেন সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান। তিনি বলেন, বর্তমানে চার লেন মহাসড়কের কাজ দ্রুত গতিতে চলছে। এই সেতুর পাশ দিয়ে আরেকটি সেতুর নির্মাণকাজও চলছে। আশা করা হচ্ছে মহাসড়কের কাজ সম্পন্ন হলে দুর্ভোগ থাকবে না।