সিরাজগঞ্জে সংঘর্ষের সময় পিস্তল হাতে ভাইরাল সেই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বায়েজিদ আহম্মেদ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তরুণ বায়েজিদ আহম্মেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৯ বছর বয়সী বায়েজিদ সিরাজগঞ্জ শহরের একডালা মধ্যপাড়ার আজিম উদ্দিনের ছেলে। গত বছরের ৩০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের সময় অস্ত্র হাতে বায়েজিদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ক্রিকেট খেলার হেলমেট ও গলায় মাফলার পরা বায়েজিদ
ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, বায়েজিদের কাছ থেকে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রাতেই তাঁর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলার বাদী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শিয়ালকোল বাজারে অভিযান চালিয়ে একটি চায়ের দোকানের সামনে থেকে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে ওই তরুণকে গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত ছিল।

গত বছরের ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ ঘিরে সরকারি কলেজ রোডে দলটির নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। তখন অস্ত্র হাতে তিন তরুণের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমেও সেই ছবি প্রকাশিত হয়। এই ঘটনার পর থেকে বায়েজিদ পলাতক ছিলেন। সংঘর্ষের সময় বায়েজিদের মাথায় ক্রিকেট খেলার হেলমেট ও গলায় মাফলার ছিল।