সিরাজগঞ্জে ৪ পুলিশ সদস্যসহ আরও ১১ জনের করোনা

সিরাজগঞ্জে চার পুলিশ সদস্যসহ আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে ৯ পুলিশ সদস্যসহ ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আজ শনিবার নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৬ জন, রায়গঞ্জে ৩, শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় ১ জন করে রয়েছেন। আক্রান্ত চার পুলিশ সদস্য হলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকারী উপপরিদর্শক ও ডিবি পুলিশের দুজন সদস্য।
পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জেলায় অবস্থানরত নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যসহ অন্য পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাঁদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে।
সিভিল সার্জন জাহিদুল ইসলাম বলেন, তাঁরা সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে শুক্রবার থেকে নমুনা পরীক্ষার ফলাফল পেতে শুরু করেছেন। সেখান থেকেই আজ শনিবার ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তাঁদের মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।