সিরাজগঞ্জে ৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগে নতুন মুখ একজন
দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের পাঁচ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে নতুন মুখ একজন। বাকি চারজনই বর্তমানে মেয়র পদে আছেন। অন্যদিকে বিএনপিও পাঁচ পৌরসভায় মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
গতকাল শুক্রবার রাত আটটার পর আওয়ামী লীগের প্রার্থীদের নাম জানাজানি হয়ে যায়। শুধু কাজীপুর পৌরসভায় নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হান্নান তালুকদার। এ ছাড়া সিরাজগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, উল্লাপাড়া পৌরসভার বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম, বেলকুচি পৌরসভার বর্তমান মেয়র বেগম আশানুর বিশ্বাস ও রায়গঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মো. আবদুল্লাহ আল পাঠান আবারও নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।
গতকাল বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান জানান, সিরাজগঞ্জ পৌরসভায় তাঁকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া রায়গঞ্জ পৌরসভায় মো. জাহিদুল ইসলাম, উল্লাপাড়া পৌরসভায় আজাদ হোসেন, বেলকুচি পৌরসভায় মো. আলতাব হোসেন ও কাজীপুর পৌরসভায় মো. আল আমিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।