সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছার যমুনা নদীসংলগ্ন টুটুলের মোড় এলাকায় বন্যানিয়ন্ত্রণ মূল বাঁধের ৫০ মিটার এলাকা ভেঙে গেছে। আজ বুধবার ভোররাতে পানির ঘূর্ণাবর্ত ও স্রোতের চাপে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, এক মাস ধরে এলাকায় শুরু হওয়া ভাঙনের বিষয় পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানালেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে মূল বাঁধ ভেঙে যাওয়ায় আসন্ন বন্যা মৌসুমে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কায় আছে এলাকাবাসী। পানির পরিমাণ বাড়তে থাকলে তা ভেতরে ঢুকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হাজার হাজার হেক্টর সদ্য পাকা, আধা পাকা বোরো ধান তলিয়ে যেতে পারে।
পানি উন্নয়ন বোর্ড ভেঙে যাওয়া স্থান নিয়ন্ত্রণে আনতে বালুর বস্তা ফেলা শুরু করেছে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছে এলাকাবাসী।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এক সপ্তাহ ধরে যমুনা নদীতে প্রতিদিন দেড় ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে। যে কারণে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হচ্ছে। আজ ভোর সাড়ে চারটার দিকে বন্যানিয়ন্ত্রণ বাঁধের নিচ থেকে মাটি সরে যায়। চাপ চাপ ধরে মাটি বসে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত এই বাঁধের ৫০ মিটার দীর্ঘ এবং ভেতরে প্রায় ২০ মিটার এলাকাজুড়ে নদীগর্ভে চলে যায়। সেই সঙ্গে ১০টি বাড়িঘরও নদীগর্ভে বিলীন হয়। বাঁধ ভেঙে যাওয়ায় তাৎক্ষণিক বাঁধের আশপাশের লোকজন তাঁদের ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করে। বিকেল পর্যন্ত শতাধিক বাড়িঘর সরিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বালুর বস্তা ফেলা শুরু করেছেন।
শুভগাছা এলাকার রেজাউল ইসলাম বলেন, ভোর থেকে আকস্মিকভাবে বাঁধে ধস নামে। দিনের বেলায় এ ঘটনা ঘটায় লোকজন বাড়িঘর সরিয়ে নিতে পেরেছে। রাতে ধস নামলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো।
বাহুকা এলাকার ইয়াকুব আলী বলেন, যমুনা নদীতে পানি কম থাকায় বাঁধের ভেতরে পানি প্রবেশ করেনি। প্রতিদিন এক ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে এক সপ্তাহের মধ্যে পানি ভেতরে ঢুকবে। এখন পর্যন্ত এ এলাকার এক বিঘা জমির ধানও কাটা হয়নি। পানি এলে ভয়াবহ ক্ষতি হবে। তিনি আরও বলেন, এক মাস ধরে এই এলাকায় ভাঙন শুরু হলেও বিষয়টি জানার পরও পাউবো কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। যদি তারা আগে থেকে কাজ করত, তাহলে মূল বাঁধ ভাঙত না।
পাউবোর সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, বাহুকা থেকে শুরু করে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধসহ সংস্কারকাজে ‘খুদবান্দি শুভগাছা সিংড়াবাড়ি প্রকল্প নামে একটি ৪৭৮কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন পেলে স্থায়ীভাবে কাজ শুরু হবে। তিনি বলেন, এখন রিং বাঁধটি নির্মাণ জরুরি হয়ে পড়ায় কাজ শুরু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাঙন থেকে রক্ষা এবং পানির প্রবাহ পরিবর্তন করতে বালুর বস্তা ফেলা হচ্ছে। তিনি বলেন, উজানে এখন বৃষ্টি কম হওয়ায় পানি বৃদ্ধির পরিমাণ কমে আসবে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল ইসলাম বলেন, এলাকার আশপাশ থেকে বসতিদের বাড়িঘর সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।