সিরাজগঞ্জের বিস্তীর্ণ শর্ষেখেতে এখন মধু সংগ্রহের ধুম
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ শর্ষেখেতে এখন লেগেছে মধু সংগ্রহের ধুম। ব্যবসায়ীরা মধু আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছেন।
সম্প্রতি রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বোয়ালিয়ার বিলে গিয়ে দেখা যায়, মধু আহরণকারীরা সবাই ব্যস্ত। কেউ বাক্স থেকে মধু বের করছেন, কেউ বাক্স ঠিক করে দিচ্ছেন, কেউবা ড্রামে মধু ভরছেন। এর মধ্যে ক্রেতারা এসে মধু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি মধু মাঠ থেকে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজিতে বিক্রি করছেন তাঁরা।
মধু ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও বোয়ালিয়ার বিলে শর্ষেখেতে মধুর জন্য ১৫০টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। পাঁচ থেকে সাত দিন পরপর মধু আহরণ করা হয় জানিয়ে তিনি বলেন, এ কাজে ১০ থেকে ১২ জন পালা করে কাজ করেন। মৌচাষি রুবেল আহমেদ বলেন, মৌমাছিদের সঙ্গে থাকতে থাকতে কাজটি অনেক সহজ হয়ে গেছে। এবারে শর্ষের ফলন ভালো হওয়ায় মধু আহরণ ভালো হবে বলে আশা করছেন তাঁরা।
শুধু রায়গঞ্জ উপজেলা নয়, জেলার বেলকুচি, চৌহালী, উল্লাপাড়া, শাহজাদপুরসহ বিভিন্ন উপজেলায় শর্ষেখেতে চলছে মধু আহরণ। জেলার নয়টি উপজেলায় চলতি মৌসুমে ৪৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে শর্ষে চাষ করা হয়েছে। চাষকৃত শর্ষের মধ্যে রয়েছে বারি-১৪, বারি-১৫, বারি-১৭ ও টোরি-৭। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলসহ শস্যভান্ডারখ্যাত এসব উপজেলায় শর্ষে চাষ করা হয়েছে। এসব শর্ষেখেতে চলছে মধু আহরণ।
মধু আহরণের জন্য স্থানীয় লোকজনের পাশাপাশি দিনাজপুর, সাতক্ষীরা, মাগুরা, নাটোরসহ বিভিন্ন স্থান থেকে মৌখামারিরা আস্তানা গড়েছেন এখানে। দিনাজপুরের ভাই ভাই আদর্শ মৌখামারের মালিক মিনারুল ইসলাম বলেন, এবার শর্ষের ফলন ভালো হওয়ায় এ অঞ্চলে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৩৩৬টি মৌচাষের খামার আছে। প্রতিটি খামারে ১৫০ থেকে ৩০০টি পর্যন্ত মৌবাক্স আছে। চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২০ হাজার কেজি মধু আহরণ হবে বলে আশা করা হচ্ছে। গত মৌসুমে আহরণকৃত মধুর পরিমাণ ছিল ২ লাখ ১০ হাজার কেজি। চলতি মৌসুমের গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৩৪৭ কেজি মধু আহরণ করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, লাভজনক হওয়ায় দিন দিন এই উপজেলায় মৌচাষিদের সংখ্যা বাড়ছে।
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক আবু হানিফ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে শর্ষের ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে। শর্ষের চাষ ভালো হলে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।