সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেঁটাবিদ্ধ হয়ে আহত সাইদুল ইসলাম
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে স্থানীয় সামেদ আলী ও হাসান আলীর সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন টেঁটাবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত টেঁটাবিদ্ধ দুজনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন সামেদ আলীর সমর্থক সাইদুল ইসলাম (২৮) ও হাসান আলীর সমর্থক আফজাল হোসেন (৩০)। অপর আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে আকবরনগর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকবরনগর গ্রামে প্রায় সময়ই আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে। গতকাল সোমবার রাত ১০টার দিকে আকবরনগর ট্রলারঘাটে স্থানীয় সামেদ আলী ও হাসান আলী সর্মথকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে দুই পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের চার থেকে পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষে দুজন টেঁটাবিদ্ধসহ কমপক্ষে সাতজন আহত হন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফতুল্লা থানা ও সিরাজদিখান থানার মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজন টেঁটাবিদ্ধ হয়েছে শুনেছি। এ ঘটনায় এখনো কোনো মামলা কিংবা লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’