সিরাজদিখানে রাস্তার পাশের জমিতে পড়ে ছিল অটোচালকের লাশ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মো. আরশাদ মোড়ল (৪৭) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরশাদ মোড়ল টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রয়াত চান মোড়লের ছেলে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, লালবাড়ি এলাকার রাস্তার পাশে একটি জমিতে লাশটি পড়ে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ব্যক্তির ভাগনে অনীক হাসান বলেন, ‘রিকশা ছিনতাই হওয়ার ভয়ে আমার মামা কখনো সন্ধ্যার পরে রিকশা চালাতেন না। দুপুরে খাওয়ার পর বের হতেন। আবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরতেন। শুক্রবার বিকেলে মামা বেতকা এলাকায় বসে ছিলেন। তখন কিছু যাত্রী মামার অটোরিকশাটি ভাড়া করে। মামা মুঠোফোন চালাতেন না। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় আমরা মামাকে খোঁজাখুঁজি করি। কোনোভাবেই সন্ধান পাচ্ছিলাম না। সারা রাত সব জায়গায় আমরা তাঁকে খুঁজি। আজ সকালে যখন খোঁজাখুঁজি করতে লালবাড়ি পর্যন্ত আসি, তখন স্থানীয় লোকজন জানান, জমিতে একটি লাশ পড়ে আছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, সেটি আমার মামার লাশ।’
নিহত ব্যক্তির ছোট ভাই নাসির মোড়ল বলেন, ‘সামান্য একটি অটোরিকশা জন্য আমার ভাইকে মেরে ফেলা হলো। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, আমরা তাদের বিচার চাই।’
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক দুপুরে প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, আরশাদ মোড়লের অটোরিকশাটি ছিনতাই করার জন্যই দুষ্কৃতকারীরা তাঁকে হত্যা করেছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে গলার আঘাত গুরুতর ছিল। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সড়কপথে এমন দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ সড়কে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেবে পুলিশ।