‘সিরিয়ালে আটকে না পারি খাইতে, না পারি ঘুমাতে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাটস্বল্পতার পাশাপাশি অতিরিক্ত গাড়ির চাপে রাজবাড়ীর দৌলতদিয়ায় ৬ কিলোমিটার জুড়ে শত শত গাড়ি আটকা পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট সড়কে
ছবি: প্রথম আলো

যশোরের বেনাপোল থেকে কাভার্ড ভ্যান নিয়ে গতকাল সোমবার বিকেলে গাজীপুরের উদ্দেশে রওনা হন চালক সেকেন্দার আলী। সন্ধ্যার পর তিনি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এসে জটে আটকা পড়েন। রাতভর অপেক্ষার পর আজ মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ঘাটের দিকে যাওয়ার সুযোগ পান।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় কাভার্ড ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা সেকেন্দার আলী বলেন, ‘আমাদের মনে হয় না কোনো দিন ভোগান্তি শেষ হবে। যত দিন দৌলতদিয়া দিয়ে ট্রাক নিয়ে পার হয়েছি, তত দিন নানা বিড়ম্বনায় পড়েছি। সিরিয়ালে আটকে না পারি খাইতে, না পারি ঘুমাইতে। কিছুক্ষণ পরপর ১০-২০ ফুট করে গাড়ি টানতে হয়। জানি না কখন পার হমু আর ভোগান্তি কবে শেষ হবে।’

সেকেন্দার আলীর মতো দৌলতদিয়া প্রান্তে নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে ছয়-সাত শ পণ্যবাহী ট্রাক। ফেরির নাগাল পেতে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অপচনশীল পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানগুলো পার হতে সবচেয়ে বেশি সময় লাগছে। সিরিয়ালে অল্পসংখ্যক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘাটস্বল্পতার পাশাপাশি অতিরিক্ত গাড়ির চাপে দৌলতদিয়ায় যানজট তৈরি হচ্ছে।

বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকায় ঘাটে যানজট সৃষ্টি হয়েছে।

আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিনে ঘাটে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের সারি। শত শত যানবাহন ফেরির জন্য লম্বা সিরিয়ালে আটকে রয়েছে। সিরিয়ালে আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অপচনশীল পণ্যবাহী ট্রাকচালকদের। ট্রাকগুলোকে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের আটকে থাকায় তাঁদের গোসল, খাওয়াদাওয়া, টয়লেটসহ নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি দিয়ে নিয়মিত যানবাহন পারাপার করা হচ্ছে। রো রো ১১টি, ইউটিলিটি ৬টি, টানা (ডাম্প) ২টি ও কেটাইপ ১টি ফেরি চলাচল করছে। এরপরও ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে।
এ ছাড়া দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে চারটি চালু থাকলেও ৫ ও ৭ নম্বর ঘাটের সামনে বেসিনে পানি কম থাকায় পন্টুনের র‌্যামের সঙ্গে সংযোগ সড়কের উচ্চতা বেশি হওয়ায় গাড়ি লোড ও আনলোডে অতিরিক্ত সময় লাগছে। যেখানে স্বাভাবিক অবস্থায় ২০-৩০ মিনিট অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।

রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় আজ মঙ্গলবার দুপুরে যানবাহনের জট
ছবি: প্রথম আলো

ফরিদপুরের মধুখালী থেকে আসা ট্রাকচালক সমির মল্লিক বলেন, সোমবার রাতে ১২টার দিকে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকে ছিলেন। ভোরে মোড় থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাটে আবার সিরিয়ালে পড়েছেন। ফেরিতে কখন উঠতে পারবেন, জানেন না।

রয়েল পরিবহন নামের একটি বাসের যাত্রী শারমিন আক্তার বলেন, ‘দুই ঘণ্টা ঘাটে সিরিয়ালে আটকে আছি। সাথে পরিবারের লোক থাকায় বাস থেকে নেমেও যেতে পাড়ছি না। তীব্র গরমে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী যানবাহন চলমান রয়েছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকায় ঘাটে যানজট সৃষ্টি হয়েছে।