সিরিয়ালের 'পাখি' ও 'কিরণমালা' খাতা উধাও
ভারতীয় সিরিয়ালের নায়িকাদের ছবিসংবলিত মলাটের খাতা গতকাল শনিবার কিশোরগঞ্জের ভৈরবের কোনো দোকানে বিক্রি করতে দেখা যায়নি। আগের দিন শুক্রবার যে দোকানি ১০ টাকার বিনিময়ে চাওয়ামাত্র শিক্ষার্থীদের হাতে ওই খাতা তুলে দিয়েছিলেন গতকাল তাঁরা জানালেন, এসব খাতা আর তাঁরা বিক্রি করেন না।
ময়মনসিংহের নান্দাইল ও কিশোরগঞ্জের ভৈরবে সিরিয়ালের নায়িকাদের ছবিসংবলিত মলাটের খাতা বিক্রি নিয়ে গতকাল প্রথম আলোর শেষের পাতায় ‘সিরিয়ালের “পাখি” “কিরণমালা” এবার লেখাপড়ার খাতায়’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল ভৈরবে এই খবরটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়।
ভৈরবের কে.বি. পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, শিক্ষকদের ডেকে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সবাইকে তিনি নির্দেশ দিয়েছেন। একইভাবে সতর্ক থাকার কথা জানালেন রেলওয়ে উচ্চবিদ্যালয়, হাজি জহির উদ্দিন উচ্চবিদ্যালয়, এমপি বালিকা উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি স্কুলের শিক্ষকেরা।
শিক্ষাবিদ অধ্যাপক আতাউর রহমান বলেন, জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শিশুদের মন নিয়ে ব্যবসা করা নৈতিকতাবিরোধী। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। শিশু সংগঠক এস এম বাকী বিল্লাহ বলেন, কুটিল-হিংসানির্ভর সিরিয়ালগুলো শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারও। তিনি বলেন, ‘পাখি’ ও ‘কিরণমালা’ খাতা মুক্ত করতে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার বিক্রেতারা জানান, এক মাস আগে থেকে স্টার জলসার সিরিয়ালের খাতা বাজারে আসা শুরু হয়। এখন পর্যন্ত ‘কিরণমালা’ ও ‘পাখি’ নামের খাতা বাজারে এসেছে। ঢাকার ব্যবসায়ীরা এসব খাতা সরবরাহ করছেন। ‘কিরণমালা’ খাতার মলাটে স্টার জলসার কিরণমালা সিরিয়ালটির প্রধান চরিত্রের অভিনেত্রীর বড় ছবি রয়েছে। পাশেই লেখা রয়েছে, ‘রূপকথার রাজকন্যা কিরণমালা কি পারবে অচিনপুরের সুখ ফিরিয়ে আনতে?’ মলাটের নিচের অংশে রাখা হয়েছে শিক্ষার্থীদের ও বিদ্যালয়ের নাম, শ্রেণি, শাখা, বিষয় এবং রোল লেখার জায়গা। একইভাবে ‘পাখি’ খাতাতেও শোভা পাচ্ছে চরিত্রটিতে অভিনয় করা অভিনেত্রী ও এক অভিনেতার ছবি। পাশে লেখা রয়েছে সিরিয়ালটির নাম—বোঝে না সে বোঝে না।
বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাখি চরিত্রে অভিনয়কারীর পোশাকে (পাখি ড্রেস) আকৃষ্ট হয়ে কিনতে না পেরে বাংলাদেশে একাধিক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটে। পাশাপাশি সিরিয়াল দেখা নিয়ে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীদের মধ্যেও মারামারির ঘটনা ঘটে। এ পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ আগস্ট বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেল (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট শাখায় রিট করেন এক আইনজীবী।