সিল মারা ব্যালটসহ গ্রেপ্তার হওয়া নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের জকিগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ওই দিন তাঁকে ও আরেক রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হককে সিল মারা ও সিল ছাড়া ব্যালট পেপারসহ আটক করা হয়েছিল।
সিলেটের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এসব তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ শুকুর মাহমুদ বলেন, গত বুধবার সাদমান সাকিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কারাগারে যাওয়ার পর ওই উপজেলায় অন্য এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার নির্বাচন কমিশন থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি জকিগঞ্জের কাজলসার ইউপি নির্বাচনের মরিচা ভোটকেন্দ্রের সামনে থেকে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সিল মারা ও সিল ছাড়া মোট ১ হাজার ২০০টি ব্যালট পেপার, ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা, ফেনসিডিলের খালি বোতলসহ সাদমান সাকিব ও আরিফুল হককে আটক করা হয়।
এ সময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন। এরপর জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা কাজলসার ইউপির ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন। সেই সঙ্গে সুলতানপুর ইউপির একটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণও স্থগিত করা হয়।
এ ঘটনায় নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ৬ জানুয়ারি দুই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার পর ২৪ জানুয়ারি ওই দুই কর্মকর্তা জামিন পান।