কেন্দ্রের নাম পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্টকে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা আসতে দেননি। যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের দেখাতে হচ্ছে কোন প্রতীকে তিনি সিল দিয়েছেন। কেন্দ্রে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ দৃশ্য রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্রের।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রায়ঘাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী হয়েছেন গতবারের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীর ছেলে বাবলু হোসেন। গতবারের নৌকার প্রার্থী সুরঞ্জিত সরকারকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। তিনি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রোস্তম আলীও স্বতন্ত্র প্রার্থী। তাঁর প্রতীক ঘোড়া। নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ করেছেন সুরঞ্জিত সরকার। তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে তিনি রাজশাহীতে গিয়েও সংবাদ সম্মেলন করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হবে।
পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুরুষ বুথে ঢুকে দেখা যায়, যাঁরা ভোট দিচ্ছেন, তাঁরা কোথায় সিল দিয়েছেন, তা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট আশরাফুলকে দেখাতে হচ্ছে।
আজ রোববার সকালে খবর পাওয়া যায় ইউনিয়নের পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে যেতে পারেননি। নৌকার প্রার্থীর কর্মী–সমর্থকেরা তাঁদের হুমকি–ধমকি দিয়েছেন। নৌকার ব্যালটে প্রকাশ্যে সিল মারতে হচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বেলা ১১টায় ওই কেন্দ্রে গিয়ে স্বতন্ত্র দুই প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুরুষ বুথে ঢুকে দেখা যায়, যাঁরা ভোট দিচ্ছেন, তাঁরা কোথায় সিল দিয়েছেন, তা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট আশরাফুলকে দেখাতে হচ্ছে। বিষয়টি নিয়ে একজন ভোটারের সঙ্গে আশরাফুলের এ নিয়ে ঝগড়া হয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসানুজ্জামানসহ এই প্রতিবেদকের উপস্থিতিতেই একজন ভোটার নৌকার এজেন্টকে দেখান তিনি কোথায় সিল মেরেছেন। এ বিষয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, তিনি ভোটারদের ব্যালট দেখাতে বলেননি। এমনিতেই ভোটাররা তাঁকে ব্যালট দেখাচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট না থাকার ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা এজেন্ট কার্ড নিতেই আসেননি। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর দুজন এজেন্টের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা এজেন্ট হওয়া তো দূরের কথা ভোট দিতেও কেন্দ্রে যাবেন না বলে জানান।
সাংবাদিকেরা কেন একটি কেন্দ্রে বসে আছেন। এ রকম সাংবাদিকতা তো কোথাও দেখিনি।
কেন্দ্রের ভোটের পরিস্থিতি নিয়ে পাশের একটি বাড়িতে সাংবাদিকেরা ল্যাপটপ নিয়ে খবর পাঠানোর জন্য বসেন। কিছুক্ষণ পরে বাড়ির মালিক এসে সাংবাদিকদের বলেন, ‘আমার ওপরে খুব চাপ আসিচ্ছে। বাবারা আপনারা দয়া করে চলে যান।’ দুপুর পৌনে ১২টায় পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ১৪৬ ভোটের মধ্যে ৪৬৯ ভোট পড়েছে। ভোট পড়ার হার প্রায় ৪১ শতাংশ।
এই কেন্দ্রেই স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকারের সঙ্গে দেখা হয়। তিনি বলেন, তাঁর এজেন্টদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাঁরা ভয়ে কেউ কেন্দ্রে আসতে চাচ্ছেন না। সকালবেলায় ভোট প্রকাশ্যে দেখিয়ে মারতে হয়েছে। তিনি বলেন, এজেন্ট না থাকার কারণে গণনার সময় কারচুপির আশঙ্কা করছেন তিনি।
বেলা দুইটায় নৌকার প্রার্থী বাবলু হোসেন বলেন, ‘সাংবাদিকেরা কেন একটি কেন্দ্রে বসে আছেন। এ রকম সাংবাদিকতা তো কোথাও দেখিনি।’
‘বিদ্রোহী’ প্রার্থী সুরঞ্জিত সরকারের এজেন্টদের কেন্দ্রে না আসার জন্য হুমকি এবং প্রকাশ্যে সিল মারার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী কোনো মন্তব্য করেননি।
কেন্দ্র থেকে ৫০০ গজ দূরে একটি দোকানে বসে খবর পাঠানোর সময় মনিরুল নামের একজন পুলিশ কর্মকর্তাও এসে বলেন, কেন সাংবাদিকেরা একই কেন্দ্রে রয়েছেন?
বেলা দুইটার পরে সাংবাদিকেরা ওই কেন্দ্র থেকে চলে আসার পর স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকার ফোন করে জানান, ওই কেন্দ্র প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে। প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশের সামনেই এসব করা হচ্ছে।
এর আগে দুপুর সোয়া ১২টায় খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ১ হাজার ৯৪ ভোটের মধ্যে ৪৯৬ ভোট পড়েছে। ভোট পড়ার হার প্রায় ৪৫ দশমিক ৫ শতাংশ। কেন্দ্রে সকালে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট দেওয়া নিয়ে ঝামেলা হওয়ার বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মালেক মোল্লা বলেন, সকালে একটু ঝামেলা হয়েছিল। প্রশাসনের সহযোগিতায় সব ঠিক করে ফেলা হয়েছে। এখন আর কোনো ঝামেলা নেই।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। সকাল ১০টায় হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শুধু নারী ভোটারদের উপস্থিতি। পুরুষ ভোটাররা সারিতে নেই। দু–একজন এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। সকাল ১০টা ২৮ মিনিটে ওই কেন্দ্রে ২৭ শতাংশ ভোট পড়েছে। বেলা ১টা ৪০ মিনিটে খোঁজ নিয়ে জানা গেছে, ওই কেন্দ্রে ৬৫ শতাংশ ভোট পড়েছে।
রাজমিস্ত্রি ইলিয়াস আলী বলেন, ‘ছেলেমানুষেরা কাজ করে বিকেলে ভোট দিতে আসবেন। তিনিও একটু কাজ করে এসেছেন। পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক কেন্দ্রেও নারীদের দীর্ঘ সারি। পুরুষদের কোনো সারি নেই। কেন্দ্রের বাইরে একজন পুরুষ ভোটার বলেন, ‘আমি ছেলে নিয়ে আছি। ছেলের মা ভোট দিতে গেছে। তাঁর ভোট দেওয়া হলে আমি ভোট দিতে যাব।’