সিলিন্ডার অক্সিজেনে ভরসা

দীর্ঘদিন নষ্ট সরকারি অ্যাম্বুলেন্সটি। ল্যাব টেকনিশিয়ান ও সহকারী ল্যাব টেকনিশিয়ানের পদগুলো শূন্য।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসা কয়েকজন অপেক্ষা করছেন। গত বুধবার বাগেরহাটের মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

বাগেরহাটের মোংলায় করোনা সংক্রমণের হার দিন দিন বাড়তে থাকলেও নানা সমস্যার কারণে প্রয়োজনীয় সেবা দিতে পারছে না একমাত্র সরকারি হাসপাতালটি। মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। সিলিন্ডারে করে সরবরাহ করা অক্সিজেনেও আছে স্বল্পতা। ফলে কোভিড রোগীদের প্রয়োজনীয় সেবা মিলছে না হাসপাতালটিতে।

এদিকে দীর্ঘদিন ধরে নষ্ট সরকারি অ্যাম্বুলেন্সটি। ল্যাব টেকনিশিয়ান ও সহকারী ল্যাব টেকনিশিয়ানের পদগুলো শূন্য। নেই এক্স-রে টেকনিশিয়ানও। ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় করতে বেগ পেতে হচ্ছে রোগী ও স্বজনদের। সিলিন্ডারের অক্সিজেন দিয়ে করোনায় আক্রান্ত রোগীদের অধিক চাপের অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে রোগীদের পাঠাতে হচ্ছে খুলনায়।

১৫ দিন ধরে মোংলা উপজেলায় করোনার সংক্রমণের হার শতকরা ৪০ থেকে ৭০। সেখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটিও এন-৯৫ মাস্ক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫টি অক্সিজেন সিলিন্ডারের বড় একটি অংশ রিফিলের জন্য দীর্ঘ সময় পড়ে থাকে খুলনায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি শয্যা আছে করোনা রোগীদের জন্য। তবে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নেই। একজন কোভিড রোগীর জন্য ২-৩ ঘণ্টায় একটি সিলিন্ডার শেষ হয়ে যায়। তা ছাড়া হাই ফ্লো নাজাল ক্যানুলা নেই। ফলে বেশি মাত্রার অক্সিজেন যাঁদের লাগে, তাঁদের আমরা এই সেবা দিতে পারি না।’

সমুদ্রবন্দর, ইপিজেডসহ নানা কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা মোংলা। প্রতিদিন দেশে নানা প্রান্ত থেকে এখানে যেমন কাজের জন্য আসেন মানুষ, তেমনি বন্দর, ইপিজেড ও শিল্প এলাকায় কাজ করেন হাজার হাজার শ্রমিক। কোভিডে তাঁদের চিকিৎসার যেমন কোনো সুযোগ নেই মোংলাতে, তেমনি জেলার কোনো হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটর বা উচ্চচাপের অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। ফলে সংকটাপন্ন সব রোগীকে ছুটতে হয় খুলনায়। সেখানকার কোভিড হাসপাতালেও শয্যাসংকট রয়েছে।

সংক্রমণের হার বাড়তে থাকায় মোংলা উপজেলা পৌর শহরে বিধিনিষেধ চলছে ৩০ মে থেকে। তবে বিধিনিষেধ পালনে উদাসীন সাধারণ মানুষ। আছে মাস্ক ব্যবহারেও অনাগ্রহ।

মোংলায় বিধিনিষেধ দেওয়ার পরদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নূর উদ্দিন। তাঁর আত্মীয় মোংলা পৌর শহরের শ্যালাবুনিয়া এলাকার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার স্ত্রী, দুই সন্তান ও শাশুড়ি করোনায় আক্রান্ত। শ্যালক তো মারা গেল। তার স্ত্রীও অসুস্থ। মোংলায় অক্সিজেনের সংকট যে কী প্রকট, তা বলে বোঝানো যাবে না। আমার শ্যালককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অক্সিজেন স্বল্পতার কারণে তারা দ্রুত খুলনাতে নিতে বলে। আমরা

একটা অ্যাম্বুলেন্সও পাইনি। হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অকেজো।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, শ্যালকের মৃত্যুর দুদিন পর তাঁর স্ত্রীকেও অক্সিজেন দেওয়ার দরকার হয়। রাতে তাড়াতাড়ি করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অনেক কষ্টে এক সিলিন্ডার অক্সিজেন জোগাড় করে একটি ভ্যানে চড়ে খুলনায় পৌঁছান। রোগী নিয়ে গেলেই খুলনায় পাঠানো হয়। এই উপজেলা হাসপাতাল থেকে লাভ কী?

গত বৃহস্পতিবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, করোনার নমুনা পরীক্ষা করাতে আসা রোগীদের ভিড়। এদিন এখানে নমুনা দেওয়া ৫১ জনের মধ্যে ২৬ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার প্রায় ৫১ শতাংশ। বুধবার এই হার ছিল ৬১ শতাংশের ওপরে।

এদিকে করোনা রোগীর কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমে গেছে সাধারণ রোগীর চাপ। সাধারণ সময়ে ৫০ শয্যার এই হাসপাতালে শতাধিক রোগী ভর্তি থাকেন। তবে বর্তমানে তা নেমে এসেছে ১৫-২০ জনে। বৃহস্পতিবার পুরুষ ও নারী ওয়ার্ড মিলিয়ে ভর্তি রোগী ছিলেন ১৯ জন। আর করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ৫ জন।