সিলেট কারাগারে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

সিলেট কেন্দ্রীয় কারাগারে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এক যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া নামের ওই ব্যক্তি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে। তাঁর বয়স প্রায় ৭০ বছর।

সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, মুজিবুর রহমান বার্ধক্যজনিত রোগসহ ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁকে সিলেট কেন্দ্রীয় কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার সকালে তাঁকে কারা হাসপাতাল থেকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৫ সালে গ্রেপ্তার হন মুজিবুর রহমান। পরে ওই বছরের ১২ ফেব্রুয়ারি তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার বিচার শেষে ২০১৬ সালের ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। এরপর তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে গত ২৫ মে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, আমৃত্যু দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর রহমান বার্ধক্যজনিত নানা রোগের পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল আটটার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার বিকেলের দিকে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।