সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ৩০ সেপ্টেম্বর, পাঠদান শুরু ১ নভেম্বর
করোনা পরিস্থিতির জন্য টানা প্রায় দেড় বছর বন্ধের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আবাসিক হল ৩০ সেপ্টেম্বর খুলে দিয়ে ১ নভেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হল খোলার আগে আবাসিক শিক্ষার্থীদের টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ তথ্য জানিয়েছে। যোগাযোগ করা হলে সভার সদস্যসচিবের দায়িত্ব পালন করা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব প্রথম আলোকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা তিনটায় ভার্চ্যুয়ালি সিন্ডিকেট সভার কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে সভায় সিন্ডিকেট সদস্য ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ আবদুস শহীদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল, প্যাথলজি বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল ইসলাম, অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন, বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল জলিল, বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন এম রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন মো. আসাদ-উদ-দৌলা, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম অংশ নেন।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, অনার্স ফাইনাল ইয়ার, এমএস ও পিএইচডির শিক্ষার্থীরা দুই ডোজ টিকা নেওয়ার পর ৩০ সেপ্টেম্বর থেকে হলে প্রবেশ করতে পারবেন। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা প্রথম ডোজ টিকা নিলেই ২১ অক্টোবর থেকে হলে প্রবেশ করতে পারবেন। আবাসিক হলে ওঠার আগে অবশ্যই টিকা গ্রহণের সনদ বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু, চলমান অনলাইন পরীক্ষাগুলো যথারীতি চালু রাখা এবং নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গত বছরের ১৭ মার্চ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। প্রায় দেড় বছর পর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হলো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব প্রথম আলোকে বলেন, করোনা মহামারির সময়ও সিকৃবির অনলাইন ক্লাস অব্যাহত ছিল। প্রশাসনিক কাজও থেমে ছিল না। স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তারা প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখেন। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেননি, সিন্ডিকেট সভা থেকে কর্তৃপক্ষ তাঁদের দ্রুত টিকা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।