সিলেট জেলা বিএন‌পির দ্বিবা‌র্ষিক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠে
ছবি: প্রথম আলো

সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট রে‌জিস্ট্রা‌রি মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইস‌লাম আলমগীর। প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা বিএনপির সম্মেলন। এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলার শীর্ষ নেতৃত্ব নির্বাচিত করার কথা রয়েছে। সম্মেলনে জেলা বিএনপির কাউন্সিলর আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ক‌লিম উদ্দিন আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় বিএন‌পির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। সভাপতি পদে আবদুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আ ফ ম কামাল, আলী আহমদ, ইমরান আহমদ চৌধুরী ও মো. আবদুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।

কাউন্সিলে ১৮‌টি ইউনিটের ১ হাজার ৮১৮ ভোটার নির্বাচিত করবেন জেলা বিএনপির শীর্ষ পদের নেতাদের।

এর আগে ২১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সম্মেলন ও কাউন্সিল। তবে ২৪ ঘণ্টা আগে কেন্দ্রের নির্দেশে এ দুটি আয়োজন স্থগিত করা হয়। কেন্দ্র থেকে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২৯ মার্চ। সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। তবে এদিন এ মাঠের পার্শ্ববর্তী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও মঙ্গোলিয়া ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। তাই কেন্দ্রের সম্মতিতে সম্মেলন ও কাউন্সিলের স্থান পরিবর্তন করে রেজিস্ট্রি মাঠে নিয়ে আসা হয়।

এদিকে সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্মেলনস্থল ব্যানার-ফেস্টুনে পরিপূর্ণ হয়েছে। সম্মেলনস্থলের সামনে অবস্থান করতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্যকে।