সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম, সাধারণ সম্পাদক ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী (ডানে)
ছবি: সংগৃহীত

সিলেট জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের মাধ্যমে আবদুল কাইয়ুম চৌধুরী সভাপতি ও ইমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শামিম আহমদ।

আজ মঙ্গলবার বেলা দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। গণনা শেষে সন্ধ্যা সাতটায় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা আবদুল গফফার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, কাউন্সিলে সভাপতি পদে বিজয়ী আবদুল কাইয়ুম চৌধুরী পেয়েছেন ৮৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাহের চৌধুরী পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী ইমরান আহমদ পেয়েছেন ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আহমদ পেয়েছেন ৫৭৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান পেয়েছেন ৪৬৪ ভোট। কাউন্সিলে মোট ভোটার (কাউন্সিলর) ছিলেন ১ হাজার ৮১৮ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৭২৬টি।

সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার সংগ্রহ করছেন ভোটাররা। আজ দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠে
ছবি: প্রথম আলো

এর আগে বেলা সাড়ে ১১টায় সিলেট রেজিস্টারি মাঠে দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম অধিবেশন শেষে বেলা দেড়টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে টানা ভোট গ্রহণের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়।