সিলেট নগরে বিকট শব্দে লাইন ফেটে গ্যাস নির্গমন
সিলেট নগরে সড়কের পাশে গ্যাসের লাইন ফেটে বিকট শব্দে গ্যাস নির্গমন হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ফেটে যাওয়া গ্যাসের পাইপ শনাক্ত করে সেখানে অবস্থান করছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় মদিনা মার্কেট এলাকার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশমুখে হঠাৎ বিকট শব্দ গ্যাসের পাইপ ফেটে যায়। এরপর থেকে ফাটা অংশ দিয়ে গ্যাস নির্গমন হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি সিলেট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে।
এলাকার ব্যবসায়ী হামিদ হোসেন বলেন, হঠাৎ বিকট শব্দে পাইপ ফেটে গ্যাস নির্গমন হতে থাকে। এ সময় আশপাশের দোকানে থাকা লোকজন নিরাপদ দূরত্বে সরে যান।
সিলেট ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনা এড়াতে স্থানীয় ব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে সিলেট জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে রাত ৮টা পর্যন্ত গ্যাস কার্যালয়ের কেউই ঘটনাস্থলে উপস্থিত হননি।