সিলেট নগরের কিছু এলাকায় আগামী রোববার বিদ্যুৎ থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ সংযোগ
প্রতীকী ছবি

আগামী রোববার সকালে সিলেট নগরের কিছু এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারের অধীনে থাকা সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার ব্লক এ, ব্লক বি, ব্লক সি ও ব্লক ডি এবং তেররতন ও এর আশপাশের এলাকায় আগামী রোববার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন প্রথম আলোকে বলেন, নতুন কিছু ট্রান্সফরমার বসানো হয়েছে। সেগুলো চালু করার জন্য রোববার সকালে নগরের নির্দিষ্ট কিছু স্থানে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।