সিলেট বিভাগে কমেছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিভাগে এই সময়ে ১ হাজার ৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৭ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিক সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর পর সিলেট বিভাগে ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে অবস্থান করছে। এর মধ্যে গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯ শতাংশ। গত ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। রোববার তা ১০ শতাংশের নিচে নেমে আসে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৯ জনের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৫১ জন, সুনামগঞ্জ জেলায় ৪, হবিগঞ্জ জেলায় ১১ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। বিভাগে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৬৩ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৪১ জন।

মহামারি শুরুর পর থেকে এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৬ হাজার ৩৪১ জনের। মারা গেছেন ১ হাজার ২২২ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার কমেছে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।