সিলেট বিভাগে করোনায় একজনের মৃত্যু, কমেছে শনাক্তের হার
সিলেট বিভাগে গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ০৫। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হলো ৬২ হাজার ৬২৩ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৯৮। আজ সোমবার বেলা দেড়টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করোনাসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিভাগে ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে অবস্থান করছিল। ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০–এর নিচে নেমেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩০৫ জন, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ৪১ ও মৌলভীবাজারে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১৬৩ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বর মাসের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী। বর্তমানে ঘরে ঘরে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে অনেকের নমুনা পরীক্ষায় অনীহা আছে।