‌সিলেট বিভাগে করোনায় নতুন করে আক্রান্ত ৪৮, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ সময়ে সুস্থ হয়েছেন ১০০ জন।

আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী নতুন ৪৮ জনসহ বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩৬৭। তাঁদের মধ্যে আজ সকাল ৮টা পর্যন্ত ২১ হাজার ১৩৩ জনের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৮ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ২৩৫ জন চিকিৎসাধীন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৮ জনের মধ্যে ৩৩ জন সিলেট জেলার, ৯ জন সুনামগঞ্জের ও ৬ জন মৌলভীবাজারের বাসিন্দা। মোট আক্রান্তের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ১৪ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮০৪, হবিগঞ্জের ২ হাজার ৪৮৬ ও মৌলভীবাজারের ২ হাজার ৪৫২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, করোনার সংক্রমণ রোধে সচেতন থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।