সিলেট বিভাগে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যুহীন দিন
বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১০৯ জন। এদিকে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৮২ জন।
সিলেট বিভাগে গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা ২৩৪। বিভাগে করোনা সংক্রমণ শনাক্তের মোট সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ২৬২। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।
আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিভাগে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১০৯ জন। এদিকে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৮২ জন। যাঁদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৮৪৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮১৭, হবিগঞ্জে ২ হাজার ১১০ ও মৌলভীবাজারে ২ হাজার ৬০৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। এতে অপরিবর্তিত রয়েছে মোট মৃতের সংখ্যা। বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে মারা গেছেন ৩৫ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৩৪৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাঁদের ৩২৫ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, ৭ জন সুনামগঞ্জে, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১১২ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে। সংক্রমণ থেকে সচেতন ও সুরক্ষিত থাকতে সরকারি বিধিনিষেধ মেনে চলা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘর থেকে বের হলে মাস্ক পরিধান ও বারবার সাবান–পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে।