সিলেট বিভাগে করোনায় আরও দুজনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে।
এ দিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ২৪।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯৫। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় ৬৫ হাজার ৮০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার তৃতীয় ধাপের সংক্রমণের পর সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপর অবস্থান করছিল। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্ত ছিল ৩৯ দশমিক ৪৯ শতাংশ। ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সেটি আরও কমে ১১ শতাংশের ঘরে নেমে আসে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৬ জনের মধ্যে সিলেট জেলায় ৯৯ জন, সুনামগঞ্জ জেলায় ১৫ জন, হবিগঞ্জ জেলায় ১৩ জন ও মৌলভীবাজার জেলায় ১৯ জন রয়েছেন। বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১২৬ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১০৮ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৪৬৫ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার কমছে। করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।