সিলেট বিভাগে করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৩৮৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃ‌ত্যু হয়েছে‌। একই সময়ে বিভাগে ১ হাজার ৭৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৬৮। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ১৩ জন।

আজ ‌বৃহস্প‌তিবার দুপুর ১২টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা–সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপরে অবস্থান করছে। এর মধ্যে গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। তবে গতকাল বুধবার থেকে সংক্রমণ কিছুটা কমে ২১ শতাংশ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত ৩৮৯ জনের মধ্যে সিলেট জেলায় ২৮৪ জন, সুনামগঞ্জে ৩৮, হ‌বিগঞ্জে ২৩ ও মৌলভীবাজারে ৪৪ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন।

বিভাগে বুধবার সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১৮০ জন। তাঁদের মধ্যে সিলেট জেলায় ১৪৪ জন, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ১৮ জন চিকিৎসাধীন ছিলেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী। এর মধ্যে করোনার নতুন ধরণ অমিক্রন ছড়িয়ে পড়ার কথা জানা গেলেও সিলেটে সেটি শনাক্তের মাধ্যম নেই। বর্তমানে ঘরে ঘরে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাঁদের নমুনা পরীক্ষায় অনীহা রয়েছে। তিনি বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।