সিলেট বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনের মধ্যে একজন সিলেট জেলার ও অন্যজন মৌলভীবাজারের বাসিন্দা। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৪২৮ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৯২ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৩৯৫ জনের। এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৬১ জনের।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। বিভাগের মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৩৯৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮৫১ জন, হবিগঞ্জের ২ হাজার ৫৩৯ জন ও মৌলভীবাজারের ২ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪২৮ জনের মধ্যে সিলেট জেলার ৩৪৯ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজার জেলার ৩১ জন মারা গেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম তথ্যগুলো নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা বেড়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।