সিলেট বিভাগে দুই মাসের মধ্যে করোনা শনাক্তের হার সর্বনিম্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১৬। প্রায় দুই মাসের মধ্যে এটাই সর্বনিম্ন শনাক্তের হার।
গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে দিনে করোনা শনাক্ত ২০ শতাংশের ওপরে ছিল। জুলাই থেকে শনাক্তের হার ৩০–এর ওপরে উঠতে থাকে। আগস্ট থেকে এই হার কমতে শুরু করে। ২৪ আগস্ট শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩। সর্বশেষ গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় সর্বনিম্ন শনাক্তের হার ১৩ দশমিক ১৬ হয়েছে। এ সময়ে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ২৭ জনের মৃত্যু হলো। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন ও আগের প্রতিবেদন সূত্রে এসব সব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজার জেলায় ৪৩ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ৩২ হাজার ১৪৪ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৬ হাজার ৩৭ জন, হবিগঞ্জের বাসিন্দা ৬ হাজার ২৩৯ জন ও মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৭ হাজার ৬১৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৪১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ২০৫।
সিলেট বিভাগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭৮–এর মধ্যে ৩০৩ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ২০ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‘সিলেট বিভাগে করোনার সংক্রমণের হার নিম্নমুখী হচ্ছে, যা গত কঠোর বিধিনিষেধের ফল হিসেবেই আমরা ধরছি। তবে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা কমছে না। করোনা সংক্রমণ রোধ করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’