সিলেট বিভাগে দুই মাসের মধ্যে করোনা শনাক্তের হার সর্বনিম্ন, মৃত্যু ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ২৬৫টি। শনাক্তের হার ১৮ দশমিক ২৮। গত দুই মাসের মধ্যে এটিই বিভাগে করোনার সর্বনিম্ন শনাক্তের হার। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২ জন।

আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। সিলেট বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫০ হাজারের বেশি। গত জুন মাসের মাঝামাঝি থেকে দৈনিক শনাক্তের হার এত দিন ২০–এর ওপরে থাকত।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪১৪ জনের মধ্যে সিলেট জেলায় ১২৩ জন। সুনামগঞ্জে ৭৯, হবিগঞ্জে ১০৮ ও মৌলভীবাজারে ১০৪ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৪২। মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ জনই সিলেট জেলার। বাকি দুজন ‍সুনামগঞ্জ ও হবিগঞ্জের বাসিন্দা। বিভাগে এ পর্যন্ত করোনায় মোট মৃত মানুষের সংখ্যা ৯৩১।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৬৫০ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৩৮ হাজার ৪৪৫। বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৪১। এর মধ্যে ৪৪০ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনার সংক্রমণের হার নিম্নমুখী হচ্ছে। তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর সংখ্যা কমছে না। করোনা সংক্রমণ রোধ করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।