সিলেট বিভাগে সংক্রমণ কমে ৪ শতাংশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ৪ শতাংশের নিচে নেমেছে। সেই সঙ্গে ১ হাজার ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ৩ দশমিক ৯৭। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিলেটের ৪০ জন, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে করোনায় ১ হাজার ২২৫ জনের মৃত্যু হলো। সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপর অবস্থান করছিল। ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। ১৩ ফেব্রুয়া‌রি সংক্রমণ কমে ১০ শতাংশের নিচে নামে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার কমেছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।