‌সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ২২১ জন মারা গেছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৪৮। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ২৭২। আজ দুপুর ১২টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, করোনার তৃতীয় ঢেউয়ের পর সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপরে অবস্থান করছিল। এর মধ্যে গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। ২ ফেব্রুয়া‌রি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। এর মধ্যে গত রোববার তা ১০ শতাংশের নিচে নেমে আসে। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সিলেট জেলায় ৯২, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ১০ জন শনাক্ত হন।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১০৩ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১২৫ জন। এ নিয়ে বিভাগে আক্রান্ত হওয়ার পর সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৭৮।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়া‌রির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়া‌রির শুরু থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব ও ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।