সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫
সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৪৫৬। একই সময়ে বিভাগে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা চলতি মাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
এর আগের ২৪ ঘণ্টায় ১২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন করে সংক্রমিত ১২৫ জনের মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জের ১৯, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজার জেলার ১৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৩ জন, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ১০ জন। বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৫৬ জনের মধ্যে সিলেট জেলার ৩৭৪ জন, সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ৩৩ জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭৩ জন, সুনামগঞ্জের ৬, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলায় ৮ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১২৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন চারজন।