সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২২
সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮১২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়, আক্রান্তের হার ২ দশমিক ৭১। এর আগে গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৬১। এর আগে সবশেষ গত ১৩ সেপ্টেম্বর বিভাগে ৫–এর ওপর শনাক্তের হার ছিল—৬ দশমিক ৮৮।
আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১১ জন, সুনামগঞ্জের ১, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৫ জন রয়েছেন। বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৬১৬। এর মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ৬৩৬ জন।
সবশেষ ১ জনসহ বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৬৪। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৪০ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৪৮ হাজার ১৮২।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনায় আক্রান্তের হার নিম্নমুখী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬। এর মধ্যে ৩৭ জন সিলেট, ৭ জন সুনামগঞ্জ ও ২ জন মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।